• ১৮ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Venezuela Earthquake 2026

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ১৬৪, আহত প্রায় হাজার

ভেনেজুয়ায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯৭১ জন। উদ্ধারকাজ চলছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ১৬৪, আহত প্রায় হাজার

Venezuela Earthquake 2026

Published by: cloud_admin
  • Posted:June 25, 2026 8:38 pm
  • Update:June 25, 2026 8:38 pm
  • Facebook
  • Telegram
  • X
  • Whatsapp

ক্লাউড টিভি ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে (Venezuela Earthquake 2026) ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। সর্বশেষ সরকারি হিসেবে, এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১৬৪ জনের মৃত্যু হয়েছে এবং ৯৭১ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকার আশঙ্কা থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রথমে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মাত্র ৩৯ সেকেন্ড পর একই এলাকায় আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, এত অল্প ব্যবধানে দুটি শক্তিশালী কম্পন হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা বহুগুণ বেড়ে যায়। বিশেষজ্ঞরা একে “সিসমিক ডাবলেট” বা জোড়া ভূমিকম্প হিসেবে উল্লেখ করছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস এবং তার আশপাশের লা গুয়াইরা অঞ্চল। বহু বহুতল ভবন ধসে পড়েছে। হাসপাতাল, সরকারি ভবন এবং আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেকেই খোলা মাঠ ও স্টেডিয়ামে রাত কাটাচ্ছেন।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধার অভিযান সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালনা করা হচ্ছে। সেনাবাহিনী, দমকল, চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে শতাধিক উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে। পাশাপাশি নাগরিকদের ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, প্রায় ৩০টিরও বেশি আফটারশক বা পরাঘাত ইতিমধ্যেই অনুভূত হয়েছে। ফলে উদ্ধারকর্মীদের কাজ ব্যাহত হচ্ছে। ভূমিকম্পে রাজধানীর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মেট্রো ও রেল পরিষেবাও স্থগিত করা হয়েছে। কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

USGS-এর প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, এই ভূমিকম্প ভেনেজুয়েলার  (Venezuela Earthquake 2026) এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনগুলোর একটি। সংস্থাটি সতর্ক করেছে, ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনও সামনে আসেনি। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের সংখ্যা বিবেচনায় মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

ভূমিকম্পের পর প্রথমে সুনামির সতর্কতা জারি করা হলেও পরিস্থিতি মূল্যায়নের পর তা প্রত্যাহার করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় ভূমিধস এবং ভবন ধসে পড়ার ঝুঁকি এখনও রয়ে গেছে। প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ ভেনেজুয়ার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। আন্তর্জাতিক উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম এবং মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি চলছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের মতে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই আরও বহু মানুষকে উদ্ধার করা সম্ভব হলে প্রাণহানির সংখ্যা কিছুটা কমানো যেতে পারে। তবে সামগ্রিক পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটজনক এবং দেশের বহু এলাকায় জরুরি অবস্থা বহাল রয়েছে।

আরও খবর