ট্রাম্পের গ্রহণযোগ্যতা ৩৬ শতাংশ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রায় দু’সপ্তাহ আগে নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের যৌথ সমীক্ষায় ডোনাল্ড ট্রাম্পের গ্রহণযোগ্যতা ৩৬ শতাংশ তে নেমে এসেছে বলে জানানো হয়েছে। সমীক্ষায় অংশ নেওয়া মোট ৩,৪৯৪ জন ভোটারের মতামতে অর্থনীতি, জীবনযাত্রার মান এবং ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পদক্ষেপের প্রতি অসন্তোষের ছবি উঠে এসেছে।
সমীক্ষায় ৫৯ শতাংশ ভোটার মনে করেন, ট্রাম্প দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। অর্থনীতি নিয়ে ৬৪ শতাংশ ভোটার ক্ষোভ প্রকাশ করেছেন। ৬৯ শতাংশ জানিয়েছেন, তাঁরা জীবনযাত্রার মান নিয়ে অসন্তুষ্ট। গ্যাসের দাম ব্যাপকভাবে বেড়েছে বলে মনে করেন ৭৩ শতাংশ ভোটার।
সমীক্ষায় অংশ নেওয়া ৫২ শতাংশ ভোটার জানিয়েছেন, এবারের নির্বাচনে তাঁরা ডেমোক্র্যাটিক পার্টিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ফল মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের মনোভাব বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
৬৫ শতাংশ ভোটার ইরান যুদ্ধের জন্য ট্রাম্পকে দায়ী করেছেন। ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপের সমর্থন আগস্টে ৩১ শতাংশ ছিল বলে জানানো হয়েছে। মার্চে রয়টার্স/ইপসোসের একটি সমীক্ষায় এই সমর্থন ৩৭ শতাংশ এবং চলতি মাসের শুরুতে ৩৪ শতাংশ ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াইওমিং, আইডাহো এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় বর্তমানে ট্রাম্পের জনপ্রিয়তা ইতিবাচক। তবে সমীক্ষার পূর্বাভাস সবসময় সঠিক নাও হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।