JPMorgan Sex Harassment Case
ক্লাউড টিভি ডেস্ক: মার্কিন আর্থিক প্রতিষ্ঠান JPMorgan Chase-কে ঘিরে চলা বহুল আলোচিত যৌন নিগ্রহ মামলায় নতুন মোড় সামনে এসেছে। সংস্থার উচ্চপদস্থ আধিকারিক Lorna Hajdini অভিযোগ করেছেন, প্রাক্তন ব্যাঙ্কার Chirayu Rana-র করা বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে তিনি ব্যাপক হুমকি, বিদ্বেষমূলক ও অশালীন বার্তার শিকার (JPMorgan Sex Harassment Case) হচ্ছেন। তাঁর দাবি, এই ঘটনায় তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে চিরায়ু রানা অভিযোগ করেছিলেন যে তিনি কর্মস্থলে যৌন নির্যাতন, বর্ণবিদ্বেষমূলক মন্তব্য এবং মানসিক চাপের শিকার হয়েছেন। তিনি আরও দাবি করেন, তাঁকে জোর করে অনৈতিক সম্পর্কের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। তবে JPMorgan এবং লোর্না হাজদিনি উভয়েই সেই অভিযোগ অস্বীকার করেছে। সংস্থার দাবি, অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের পক্ষে কোনও নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।
সাম্প্রতিক আইনি নথিতে লোর্না হাজদিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। তিনি পাল্টা মানহানির মামলা দায়ের করেছেন। আদালতে জমা দেওয়া নথিতে বলা হয়েছে, অভিযোগ প্রকাশ্যে আসার পর তাঁকে “নিজেকে শেষ করে দাও” ধরনের হুমকিমূলক বার্তা, যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং বিদ্বেষমূলক ই-মেল পাঠানো হয়েছে।
এই ঘটনাকে ঘিরে মার্কিন কর্পোরেট দুনিয়ায় কর্মস্থলের আচরণ, যৌন নিগ্রহ সংক্রান্ত অভিযোগের তদন্ত প্রক্রিয়া এবং নারী-পুরুষ উভয় পক্ষের অভিযোগ কীভাবে মূল্যায়ন করা হয়, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মামলাটি এখনও আদালতে বিচারাধীন এবং অভিযোগগুলির সত্যতা এখনও আদালতে প্রমাণিত হয়নি।