Neymar Injury Update
ক্লাউড টিভি ডেস্ক: ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় তারকা এখনও তিনিই। মাঠের বাইরে থাকলেও তাঁকে ঘিরেই আবর্তিত হচ্ছে সেলেসাও শিবিরের সমস্ত আলোচনা। ডান পায়ের কাফ মাসেলের দ্বিতীয় গ্রেডের চোটের কারণে আপাতত অনুশীলনের বাইরে রয়েছেন (Neymar Injury Update) নেইমার জুনিয়র। তবে পুনর্বাসন প্রক্রিয়ার মাঝেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন ব্রাজিলের ‘নাম্বার ১০’।
তেরেসোপোলিসের গ্রানজা কোমারি স্পোর্টস কমপ্লেক্সে ব্রাজিল দলের অনুশীলন ক্যাম্পের তৃতীয় দিনে উপস্থিত হন নেইমার। যদিও তিনি সতীর্থদের সঙ্গে বল নিয়ে অনুশীলন করেননি, মেডিক্যাল টিমের নির্দেশ মেনে মাঠের ধারে বসে পুরো সেশন পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নতুন কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপচারিতাও করতে দেখা যায় তাঁকে।
নেইমারের উপস্থিতি শুধু ফুটবলারদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের (CBF) একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গেও বৈঠক করেন তিনি। সিবিএফ প্রেসিডেন্ট সামির শাউদ, ডিরেক্টর রদ্রিগো কায়েতানো এবং জেনারেল ডিরেক্টর গুস্তাভো ফেইজো বিশেষ হেলিকপ্টারে করে ক্যাম্পে পৌঁছালে তাঁদের স্বাগত জানান নেইমার। প্রায় চার ঘণ্টা ধরে চলা এই বৈঠক ঘিরে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমেও জোর চর্চা শুরু হয়েছে।
ব্রাজিল দলের প্রধান চিকিৎসক ডা. রদ্রিগো লাসমার জানিয়েছেন, নেইমারের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। সেই কারণে আসন্ন দুটি প্রীতি ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। এমনকি বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচেও তাঁর অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।
তবে ব্রাজিল শিবির আশাবাদী। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে নেইমারের একটি বিশেষ ফিটনেস মূল্যায়ন করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে, বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁকে মাঠে নামানো হবে কি না। কোচ আনচেলত্তিও ঝুঁকি নিতে রাজি নন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নেইমারকে মাঠে ফেরানোর কোনও পরিকল্পনা নেই বলেই জানা গিয়েছে।
অন্যদিকে নেইমারকে ছাড়াই নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ব্রাজিল। রবিবার মারাকানা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচে শক্তিশালী দল নামানোর পরিকল্পনা করেছেন আনচেলত্তি। দলে থাকছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, ম্যাথিউস কুনিয়া এবং অভিজ্ঞ ক্যাসেমিরোর মতো তারকারা।
পানামার বিরুদ্ধে ব্রাজিলের সম্ভাব্য প্রথম একাদশ হতে পারে: অ্যালিসন; ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা, অ্যালেক্স সান্দ্রো; ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস; লুইস হেনরিখ, ম্যাথিউস কুনিয়া, রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়র।
এখন ব্রাজিল সমর্থকদের একটাই প্রশ্ন— বিশ্বকাপের মঞ্চে সময়মতো ফিরতে পারবেন তো নেইমার? সেই উত্তর মিলবে আগামী কয়েক দিনের মধ্যেই।