Messi One Word Message
ক্লাউড টিভি ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে সেই বার্তা ছিল না দীর্ঘ কোনো বক্তব্য বা আবেগঘন পোস্ট। মাত্র একটি শব্দেই তিনি তুলে ধরলেন দলের মূলমন্ত্র (Messi One Word Message) —‘একসাথে’।
আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিষেক ম্যাচের আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন মেসি। ছবিতে দেখা যায়, পুরো আর্জেন্টিনা দল মাঠে একটি বৃত্ত তৈরি করে দাঁড়িয়ে রয়েছে। ছবির সামনে আর্জেন্টিনার জাতীয় পতাকার পাশে স্পষ্টভাবে লেখা ছিল ‘একসাথে’। এই একটি শব্দের মাধ্যমেই দলগত ঐক্য, আত্মবিশ্বাস এবং শিরোপা রক্ষার সংকল্পের বার্তা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
স্টোরিতে মেসি আরও কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, সতীর্থদের সঙ্গে ঐতিহ্যবাহী মাতে পান করছেন তিনি। পাশাপাশি অনুশীলন মাঠে দলের সঙ্গে প্রস্তুতি নেওয়ার মুহূর্তও ধরা পড়েছে বিভিন্ন ছবিতে। যদিও কোনো ছবিতেই আলাদা করে কোনো ক্যাপশন ছিল না, তবুও ছবিগুলো থেকেই স্পষ্ট হয়েছে দলের ইতিবাচক পরিবেশ এবং ম্যাচের আগে ফুটবলারদের আত্মবিশ্বাস।
বিশ্বকাপের প্রথম ম্যাচে কানসাসে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। কাতার ২০২২ বিশ্বকাপ জয়ী দল হিসেবে এবারও শিরোপার অন্যতম দাবিদার লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচের আগে মেসির এই সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ বার্তা সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ ও প্রত্যাশার জন্ম দিয়েছে। অনেকের মতে, ‘একসাথে’ শব্দটি শুধু দলের ফুটবলারদের জন্য নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকদের জন্যও একটি অনুপ্রেরণার বার্তা।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে নামার আগে অধিনায়কের এই প্রতীকী বার্তা (Messi One Word Message) যে দলের মনোবল আরও বাড়িয়ে তুলবে, তা বলাই যায়।