Marcos Senesi Worldcup Call
ক্লাউড টিভি ডেস্ক: স্পেনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইবিজা— যাকে অনেকেই ‘প্রেমের দ্বীপ’ বলেই চেনেন। সেখানেই প্রেমিকা কেলসি রোজের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেনেসি। বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা না পাওয়ার হতাশা ভুলে কিছুটা স্বস্তির সময় কাটানোর চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ভাগ্য যেন তাঁর জন্য অন্য গল্প (Marcos Senesi Worldcup Call) লিখে রেখেছিল।
বৃহস্পতিবার (১১ জুন) একটি ফোন কল মুহূর্তের মধ্যে বদলে দেয় সেনেসির জীবন। আর্জেন্টিনা জাতীয় দলের ডিফেন্ডার লিওনার্দো বালের্দি চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে ডাক পান সেনেসি। আর সেই খবর পেয়ে ইবিজার ছুটি পরিণত হয় স্বপ্নপূরণের উৎসবে।
৫ জুন ডান পায়ের পেশিতে গুরুতর চোট পান বালের্দি। চিকিৎসকদের রিপোর্টের পর বিশ্বকাপ থেকে তাঁর ছিটকে যাওয়া নিশ্চিত হয়। এরপরই আর্জেন্টিনা কোচিং স্টাফ সেনেসির সঙ্গে যোগাযোগ করে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তির সুখবর দেয়।
২০২২ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হলেও এখনও পর্যন্ত খুব বেশি সুযোগ পাননি সেনেসি। আলবিসেলেস্তে জার্সিতে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তবে ক্লাব ফুটবলে গত মৌসুম ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা সময়। ইংলিশ ক্লাব বোর্নমাউথের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে ইউরোপা লিগে জায়গা করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
এর মধ্যেই আরও একটি বড় সুখবর পেয়েছিলেন সেনেসি। গত বুধবার ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেন ইংল্যান্ডের অন্যতম বড় ক্লাব টটেনহাম হটস্পারে। আর তার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আসে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার খবর। ফলে এক সপ্তাহের মধ্যেই তাঁর ক্যারিয়ারে ঘটে যায় একাধিক স্বপ্নপূরণ।
বিশ্বকাপে ডাক পাওয়ার মুহূর্তটি ভিডিওবন্দি করেন তাঁর প্রেমিকা কেলসি রোজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, ফোনে কথা বলার সময় প্রথমে কিছুটা বিস্মিত হয়ে যান সেনেসি। খবরটি নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাসে ভেঙে পড়েন দুজনেই। কেলসির মুখে শোনা যায়, “Oh My God!” এরপর একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ উদযাপন করতে দেখা যায় তাঁদের।
২২ বছর বয়সী কেলসি রোজ নিজেও একজন পেশাদার ফুটবলার। তিনি বোর্নমাউথের মহিলা দলের রাইট-ব্যাক হিসেবে খেলেন। মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা দুই লক্ষেরও বেশি।
বোর্নমাউথে একটি প্রচারমূলক ফটোশুটের সময় প্রথম পরিচয় হয়েছিল সেনেসি ও কেলসির। সেই পরিচয় ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। ২০২৪ সালের শেষ দিক থেকে সম্পর্কে রয়েছেন এই জুটি।
বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার এই গল্প যেন প্রমাণ করে, ফুটবলে শেষ মুহূর্ত পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। ইবিজার সৈকতে হতাশা ভুলতে যাওয়া সেনেসির কাছে একটি ফোন কলই এনে দিল বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ।