• ১৮ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Undefeated Teams FIFA WorldCup

ফুটবল বিশ্বকাপ: অপরাজিত থেকেও বিদায়, আবার হারিয়েও চ্যাম্পিয়ন— বিশ্বকাপের বিরল পরিসংখ্যান

বিশ্বকাপের ইতিহাসে ৩৮টি দল অপরাজিত থেকে টুর্নামেন্ট শেষ করেছে। তবে অপরাজিত থাকা সবসময় শিরোপা নিশ্চিত করেনি, আবার হার দিয়েও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে কয়েকটি দল।

ফুটবল বিশ্বকাপ: অপরাজিত থেকেও বিদায়, আবার হারিয়েও চ্যাম্পিয়ন— বিশ্বকাপের বিরল পরিসংখ্যান

Undefeated Teams FIFA WorldCup

Published by: cloud_admin
  • Posted:May 23, 2026 3:13 pm
  • Update:May 23, 2026 3:13 pm
  • Facebook
  • Telegram
  • X
  • Whatsapp

ক্লাউড টিভি ডেস্ক: আর কয়েক দিনের অপেক্ষা। এরপরই পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকবে মহারণের দিকে। বিশ্বকাপকে সামনে রেখে ক্লাউড টিভির বিশেষ পরিসংখ্যানভিত্তিক ধারাবাহিকে প্রতিদিন তুলে ধরা হচ্ছে একটি করে বিশেষ তথ্য ও গল্প। আজকের পর্বে থাকছে বিশ্বকাপের ইতিহাসে ‘অপরাজিত’ (Undefeated Teams FIFA WorldCup) দলগুলোর গল্প।

ফুটবলে একটি দল পুরো টুর্নামেন্টজুড়ে অপরাজিত থাকা নিঃসন্দেহে বড় অর্জন। বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় এটি আরও কঠিন। এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে মোট ৩৮টি দল কোনো ম্যাচ না হেরে টুর্নামেন্ট শেষ করেছে। তবে অপরাজিত থাকা মানেই যে চ্যাম্পিয়ন হওয়া, তা নয়। আবার হার দিয়ে শুরু করেও কেউ কেউ শেষ পর্যন্ত ট্রফি জিতেছে।

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ২২টি দল শিরোপা জিতেছে। এর মধ্যে ১৭টি দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই চ্যাম্পিয়নরা পুরো টুর্নামেন্টে নিজেদের আধিপত্য ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে পাঁচটি দল রয়েছে যারা অন্তত একটি ম্যাচ হেরেও শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতেছে।

এই তালিকায় প্রথমেই রয়েছে ১৯৫৪ সালের পশ্চিম জার্মানি। গ্রুপ পর্বে তারা শক্তিশালী হাঙ্গেরির কাছে ৮-৩ গোলের ব্যবধানে হেরেছিল। তবে ফাইনালে সেই হাঙ্গেরিকেই হারিয়ে শিরোপা জিতে নেয় তারা। এরপর ১৯৭৪ সালের পশ্চিম জার্মানি গ্রুপ পর্বে পূর্ব জার্মানির কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল। ১৯৭৮ সালে আর্জেন্টিনা ইতালির কাছে ১-০ ব্যবধানে হেরে যায়। এছাড়া ২০১০ সালের স্পেন সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলে হারলেও শেষ পর্যন্ত প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে। সর্বশেষ ২০২২ সালের আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হেরে গিয়েও শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হয়।

বিশ্বকাপে আরও একটি ব্যতিক্রমী ঘটনা রয়েছে। চারটি দল কোনো ম্যাচ না হেরেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। দলগুলো হলো ১৯৭৪ সালের স্কটল্যান্ড, ১৯৮২ সালের ক্যামেরুন, ১৯৯৮ সালের বেলজিয়াম এবং ২০১০ সালের নিউজিল্যান্ড। এর মধ্যে সবচেয়ে হতাশাজনক অভিজ্ঞতা ছিল স্কটল্যান্ডের। তারা একটি ম্যাচ জিতেছিল, তবুও পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পায়নি।

বিশ্বকাপের ইতিহাসে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ ছিল অপরাজিত দলের দিক থেকে সবচেয়ে ব্যতিক্রমী। সেই আসরে মোট পাঁচটি দল অপরাজিত ছিল— আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি এবং সুইজারল্যান্ড।

বিশেষভাবে উল্লেখযোগ্য সুইজারল্যান্ডের কীর্তি। ২০০৬ সালের বিশ্বকাপে দলটি প্রতিযোগিতার ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো গোল না হজম করেই বিদায় নিয়েছিল। শেষ ষোলোয় ইউক্রেনের বিপক্ষে ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে হেরে যায় তারা। অর্থাৎ পুরো টুর্নামেন্টে নিয়মিত সময়ে বা অতিরিক্ত সময়ে একটি গোলও হজম করেনি সুইসরা।

বিশ্বকাপের ইতিহাসে এসব পরিসংখ্যান শুধু সংখ্যার গল্প নয়, বরং ফুটবলের অনিশ্চয়তা ও নাটকীয়তারও প্রতিচ্ছবি। কারণ এই মঞ্চে কখনও অপরাজিত থেকেও বিদায় নিতে হয়, আবার কখনও প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেও শেষ পর্যন্ত উঠতে হয় বিশ্বসেরার মঞ্চে।

আরও খবর