FIFA World Cup 2026 Carbon Emissions
ক্লাউড টিভি ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী যখন উৎসবের অপেক্ষায়, তখনই পরিবেশবিদদের একাংশ তুলছেন অন্য এক উদ্বেগের কথা। তাঁদের আশঙ্কা, এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী ক্রীড়া (FIFA World Cup 2026 Carbon Emissions) আসরে পরিণত হতে পারে।
বৈশ্বিক কার্বন অ্যাকাউন্টিং প্ল্যাটফর্ম Greenly-র প্রকাশিত এক মূল্যায়ন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে আয়োজিত ২০২৬ বিশ্বকাপ থেকে প্রায় ৭৮ লক্ষ মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হতে পারে। এই পরিমাণ ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় দ্বিগুণেরও বেশি বলে দাবি করা হয়েছে।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, এই বিপুল কার্বন নিঃসরণের অন্যতম কারণ এবারের টুর্নামেন্টের বিশাল ভৌগোলিক পরিসর। প্রথমবারের মতো তিনটি দেশ এবং ১৬টি শহর জুড়ে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। ফলে দল, কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং লক্ষ লক্ষ সমর্থককে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে।
গবেষকদের হিসাব অনুযায়ী, মোট কার্বন নিঃসরণের প্রায় ৮৭ শতাংশই আসবে যাতায়াত থেকে, বিশেষ করে বিমান পরিবহণের কারণে। সমর্থকদের এক শহর থেকে অন্য শহরে, এমনকি এক দেশ থেকে অন্য দেশে ম্যাচ দেখতে যাওয়ার ফলে পরিবেশগত চাপ বহুগুণ বেড়ে যাবে।
ক্রীড়া পরিবেশবিদ ম্যাডেলিন অর মনে করেন, বিশ্বকাপ নিঃসন্দেহে ফুটবলের জন্য এক অনন্য উৎসব। তবে জলবায়ুর দৃষ্টিকোণ থেকে এই ধরনের বৃহৎ আয়োজনের প্রভাব নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। তাঁর মতে, খেলাধুলার উন্নয়ন এবং পরিবেশ রক্ষার মধ্যে ভারসাম্য তৈরি করাই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ৭৮ লক্ষ মেট্রিক টন কার্বন নিঃসরণের পরিমাণ প্রায় ১৭ লক্ষ গাড়ির এক বছরের নির্গমনের সমান। এমনকি এটি আফ্রিকার দেশ সিয়েরা লিওনের বার্ষিক কার্বন নিঃসরণের কাছাকাছি বলেও উল্লেখ করা হয়েছে।
যদিও আয়োজক সংস্থা ফিফা দীর্ঘদিন ধরেই নিজেদের পরিবেশবান্ধব (FIFA World Cup 2026 Carbon Emissions) ক্রীড়া আয়োজনের পক্ষে সওয়াল করে আসছে। নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং কার্বন অফসেট কর্মসূচির মতো বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে তারা। তবে সমালোচকদের মতে, এত বিশাল পরিসরের প্রতিযোগিতায় সেই উদ্যোগগুলি যথেষ্ট হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা এবং বিশ্বজুড়ে ঐক্যের বার্তা। কিন্তু সেই উৎসবের মূল্য যদি পরিবেশকে চুকাতে হয়, তাহলে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলিকে আরও টেকসই আয়োজনের পথ খুঁজতে হবে বলেই মত বিশেষজ্ঞদের।