PM Surya Ghar Yojana
ক্লাউড টিভি ডেস্ক: বর্ষা ঢুকলেও গরমের দাপট এখনও কমেনি। ফলে এসি, কুলার কিংবা ফ্যানের ব্যবহার বেড়েছে বহু গুণ। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের বিলও। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বস্তির কারণ হতে পারে কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী সূর্যঘর: মুফত বিজলি যোজনা’ (PM Surya Ghar Yojana)।
২০২৪ সালে প্রধানমন্ত্রী Narendra Modi-র উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হল দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলিকে বিদ্যুৎ বিলের বোঝা থেকে মুক্তি দেওয়া। এবার পশ্চিমবঙ্গের বাসিন্দারাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী Suvendu Adhikari।
সোমবার নন্দীগ্রামে এক জনসভায় মুখ্যমন্ত্রী জানান, যাঁরা নিয়মিত বিদ্যুৎ বিল দিতে সমস্যার মুখে পড়ছেন, তাঁরা ‘প্রধানমন্ত্রী সূর্যঘর’ প্রকল্পে আবেদন করতে পারেন। এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে। পাশাপাশি সৌর প্যানেল স্থাপনের জন্য মিলবে সরকারি ভর্তুকিও।
সরকারি ঘোষণা অনুযায়ী, ১ কিলোওয়াট সোলার সিস্টেমের জন্য ৩০ হাজার টাকা, ২ কিলোওয়াটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াটের জন্য সর্বাধিক ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। এই অর্থ সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
প্রকল্পে আবেদন করা যাবে অনলাইন এবং অফলাইন— দুই ভাবেই। অনলাইনে আবেদন করতে হলে সরকারি ওয়েবসাইট PM Surya Ghar Portal-এ গিয়ে ‘Apply Now’ অপশনে ক্লিক করতে হবে। মোবাইল নম্বর যাচাইয়ের পর নাম, ঠিকানা, জেলা-সহ প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করা যাবে।
এছাড়াও রাজ্যজুড়ে আয়োজিত ‘জনকল্যাণ শিবির’-এ গিয়েও সরাসরি আবেদন করা যাবে। সরকারের আশা, এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন বিদ্যুৎ বিল কমবে, অন্যদিকে তেমনি সৌরশক্তির ব্যবহারও বৃদ্ধি পাবে।