Pulkit Mani
ইন্দওরে কংগ্রেসের ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানের মঞ্চে হঠাৎই নজর কাড়েন স্ট্যান্ড-আপ কমেডিয়ান পুলকিত মণি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভঙ্গি নকল করে অভিনয় করেন তিনি। এর পরেই তাঁকে ঘিরে শুরু হয় রাজনৈতিক বিতর্ক।
ঘটনাটি গত ১৯ সেপ্টেম্বরের। অনুষ্ঠানের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর পর বিজেপি নেতারা এই অভিনয় নিয়ে আপত্তি জানান। অন্য দিকে, কংগ্রেসের তরফে ঘটনাটিকে রাজনৈতিক ব্যঙ্গের পরিসরের মধ্যে দেখা হয়েছে।
অনুষ্ঠানের মঞ্চে পুলকিত মণি প্রধানমন্ত্রী মোদীর পরিচিত কিছু ভঙ্গি অনুকরণ করেন।
বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে মোদীর কথাবার্তার ধরনও নকল করেন তিনি। মঞ্চে রাহুল গান্ধীর সঙ্গে আলিঙ্গন করে ‘মাই ফ্রেন্ড’ বলেও অভিনয় করেন পুলকিত।
প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে একটি পুরনো ঘটনার ভঙ্গিও তিনি নকল করেন। সেখানে এক বৃদ্ধাকে বসার জায়গা দেওয়ার জন্য মোদীর অনুরোধের প্রসঙ্গ ছিল। রাহুল গান্ধীও সেই কৌতুকাভিনয়ের সময় মঞ্চে উপস্থিত ছিলেন।
এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়। বিজেপির নেতারা অভিনয়টির সমালোচনা করেন। বিজেপি মুখপাত্র সিআর কেশবন অভিযোগ করেন, এতে প্রধানমন্ত্রী, মহিলা এবং প্রবীণদের অসম্মান করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসও রাহুল গান্ধীকে কটাক্ষ করে মন্তব্য করেন।
পুলকিত মণি পেশায় স্ট্যান্ড-আপ কমেডিয়ান। রাজনৈতিক ব্যঙ্গ এবং সমসাময়িক ঘটনা তাঁর কৌতুকের অন্যতম বিষয়। বিভিন্ন পরিচিত ব্যক্তির কথাবার্তা ও অঙ্গভঙ্গি নকল করার জন্যও তিনি পরিচিত।
সমাজমাধ্যমেও তাঁর যথেষ্ট উপস্থিতি রয়েছে। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ৬ লক্ষের বেশি অনুসারীর কথা বলা হয়েছে। ‘হানিহুইজ়ফানি’ নামে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডল রয়েছে।
তাঁর প্রথম আধ ঘণ্টার স্ট্যান্ড-আপ স্পেশ্যাল ‘র হানি’ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইউটিউবে প্রকাশিত হয়।
তবে কমেডিয়ান হওয়ার আগে তাঁর পেশা ছিল অন্য। নয়ডার একটি বেসরকারি স্কুলে ফরাসি ভাষার শিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি অনুবাদকের কাজও করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ২০২১ সাল থেকে পেশাদার ভাবে কমেডি শো করছেন পুলকিত।
বিতর্কের মধ্যেই পুলকিত মণি তাঁর কয়েকটি শো বাতিলের কথা জানান। প্রথমে নয়ডার শো বাতিলের কথা সমাজমাধ্যমে জানান তিনি। সেখানে কারণ হিসেবে ‘অপ্রত্যাশিত পরিস্থিতি’র কথা উল্লেখ করেছিলেন।
পরে লখনউ এবং কানপুরের শো-ও বাতিল করা হয়। পুলকিত দাবি করেন, ‘দুষ্কৃতীদের লাগাতার হুমকি’র কারণে এই দুই শহরের অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। তবে তিনি হুমকির পিছনে থাকা ব্যক্তি বা গোষ্ঠীর বিস্তারিত পরিচয় প্রকাশ করেননি।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর এখনও চলছে। এক দিকে বিজেপি অভিনয়টির সমালোচনা করেছে। অন্য দিকে কংগ্রেসের নেতারা বিষয়টিকে ব্যঙ্গ এবং রাজনৈতিক বক্তব্যের পরিসরে দেখেছেন।
পুলকিতের শো বাতিল এবং তাঁর হুমকির অভিযোগের বিষয়টিও এখন আলোচনায়।
তবে তাঁর দাবির বিষয়ে বিস্তারিত তদন্ত বা নির্দিষ্ট হুমকিদাতার পরিচয় প্রকাশ্যে আসেনি।