• ১৮ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Rajasthan Leopard Attack

বাড়ির পাঁচিল টপকে ঢুকল চিতা, পোষ্য কুকুরকে টেনে নিয়ে গেল জঙ্গলে! আতঙ্কে রাজস্থানের গ্রাম

রাজস্থানের আলওয়ারে গভীর রাতে বাড়ির পাঁচিল টপকে ঢুকে পোষ্য কুকুরের উপর হামলা চালায় একটি চিতাবাঘ। সিসিটিভিতে ধরা পড়া এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

বাড়ির পাঁচিল টপকে ঢুকল চিতা, পোষ্য কুকুরকে টেনে নিয়ে গেল জঙ্গলে! আতঙ্কে রাজস্থানের গ্রাম

Rajasthan Leopard Attack

Published by: cloud_admin
  • Posted:May 23, 2026 2:20 pm
  • Update:May 23, 2026 2:20 pm
  • Facebook
  • Telegram
  • X
  • Whatsapp

ক্লাউড টিভি ডেস্ক: রাজস্থানের আলওয়ার জেলায় চাঞ্চল্যকর একটি ঘটনা ঘিরে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। গভীর রাতে একটি চিতাবাঘ (Leopard) একটি বাড়ির উঁচু সীমানা প্রাচীর টপকে ভিতরে ঢুকে পোষ্য কুকুরের উপর হামলা চালায়। গোটা ঘটনাটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় বন্যপ্রাণীর হুমকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে আলওয়ারের রাজগড় শহরের শিল্পাঞ্চলের শেখা কি বাগিচি এলাকার কাছে। বাড়ির মালিক বিশ্রাম মীনা জানিয়েছেন, গভীর রাতে আচমকাই চিতাবাঘটি উঁচু পাঁচিল টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে। সেই সময় বাড়ির মধ্যে একটি পোষ্য কুকুর শিকল দিয়ে বাঁধা অবস্থায় ছিল। চিতাবাঘটিকে দেখেই কুকুরটি আত্মরক্ষার চেষ্টা করে এবং দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় ১৬ মিনিট ধরে কুকুরটি প্রাণপণ লড়াই চালায়। কিন্তু শিকলে বাঁধা থাকার কারণে সে পালাতে পারেনি। শেষ পর্যন্ত চিতাবাঘটি কুকুরটিকে হত্যা করে এবং মুখে করে দেহের অংশ নিয়ে আবার পাঁচিল টপকে জঙ্গলের দিকে চলে যায়। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।

বাড়ির মালিক আরও দাবি করেছেন, এলাকায় এই ধরনের ঘটনা নতুন নয়। প্রায় এক বছর আগেও তাঁর বাড়িতে বাঁধা একটি মহিষের বাছুরের উপর হামলা চালিয়েছিল একটি চিতাবাঘ। তখন পরিবারের সদস্যরা চিৎকার করলে প্রাণীটি পালিয়ে যায়। এর আগেও তাঁর দু’টি কুকুর শিকার হয়েছে বলেও তিনি জানান।

স্থানীয়দের মতে, এলাকাটি পাহাড়ি বনাঞ্চলের খুব কাছাকাছি হওয়ায় প্রায়ই বন্যপ্রাণীর আনাগোনা দেখা যায়। ফলে মানুষের পাশাপাশি গবাদি পশু ও পোষ্য প্রাণীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই গ্রামবাসীরা বন দফতর এবং প্রশাসনের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং চিতাবাঘের পায়ের ছাপ সংগ্রহ করেছে।

আরও খবর