Kerala HC on Monalisa Case
ক্লাউড টিভি ডেস্ক: ২০২৫ সালের কুম্ভমেলায় মালা বিক্রি করতে গিয়ে ভাইরাল হওয়া মোনালিসা ভোঁসলে আবারও খবরের শিরোনামে। এবার তাঁর আন্তঃধর্মীয় বিয়েকে ঘিরে চলা আইনি লড়াইয়ের শুনানিতে গুরুত্বপূর্ণ মন্তব্য করল কেরল হাইকোর্ট। আদালত মৌখিকভাবে মন্তব্য করেছে, “আপনারা ভাগ্যবান যে কেরালায় আছেন।”
মোনালিসা ভোঁসলে ও তাঁর স্বামী মোহাম্মদ ফারমান খান মধ্যপ্রদেশে দায়ের হওয়া একটি মামলায় আগাম জামিনের আবেদন নিয়ে কেরল হাইকোর্টের দ্বারস্থ হন। মামলায় অভিযোগ করা হয়েছে, মোনালিসাকে অপহরণ করা হয়েছে এবং তাঁদের বিয়ে আইনগতভাবে বৈধ নয়।
শুনানির সময় মোনালিসার আইনজীবী আদালতকে জানান, তাঁদের বিরুদ্ধে মধ্যপ্রদেশে প্রবল চাপ তৈরি করা হচ্ছে এবং কিছু মৌলবাদী গোষ্ঠী ও প্রশাসনের একাংশ তাঁদের বিয়ে ভাঙার চেষ্টা করছে। তাঁর দাবি, মোনালিসাকে নাবালিকা প্রমাণ করার জন্য সরকারি নথিপত্র পর্যন্ত বদলে দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতেই বিচারপতি কউসার এডাপ্পাগাথ মন্তব্য করেন, “Lucky that you are in Kerala” বা “কেরালায় আছেন বলেই ভাগ্যবান।” জবাবে আইনজীবী বলেন, “সেই কারণেই আমরা এখনও বেঁচে আছি।”
অন্যদিকে মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, মোনালিসার প্রকৃত জন্মতারিখ ডিসেম্বর ২০০৯, ফলে বিয়ের সময় তিনি প্রাপ্তবয়স্ক ছিলেন না। সরকার আরও অভিযোগ করে যে জন্মসনদ ও বিবাহের নথি জালিয়াতির মাধ্যমে সংগ্রহ করা হয়ে থাকতে পারে।
সরকারের আইনজীবী আরও যুক্তি দেন যে বিয়েটি হিন্দু রীতিতে সম্পন্ন হলেও ফারমান খান মুসলিম হওয়ায় এর বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে আদালত পাল্টা জানতে চায়, যখন কথিত ভুক্তভোগী নিজে তাঁর স্বামীর বিরুদ্ধে কোনও অভিযোগ করছেন না, তখন এই অভিযোগের ভিত্তি কী।
উল্লেখ্য, মোনালিসা ভোঁসলে ২০২৫ সালের মহাকুম্ভে রুদ্রাক্ষের মালা বিক্রি করার সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন। চলতি বছরের মার্চ মাসে তিনি কেরলে ফারমান খানকে বিয়ে করেন। সেই বিয়ে ঘিরেই পরে বিতর্ক শুরু হয় এবং নাবালিকা হওয়ার অভিযোগ সামনে আসে।
বর্তমানে কেরল হাইকোর্ট মামলার রায় সংরক্ষিত রেখেছে। আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে দেশজুড়ে, কারণ এই মামলা আন্তঃধর্মীয় বিয়ে, ব্যক্তিগত স্বাধীনতা এবং নাবালিকা সংক্রান্ত আইনি প্রশ্নকে একসঙ্গে সামনে নিয়ে এসেছে।