Jharkhand Rajya Sabha Election 2026
ক্লাউড টিভি ডেস্ক: ঝাড়খণ্ডের রাজ্যসভা নির্বাচনে বড় রাজনৈতিক অঘটন ঘটল। ক্রস ভোটিংয়ের জেরে বিজেপি-সমর্থিত নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি রাজ্যসভার আসন জিতে নিয়েছেন। এই ফলাফলকে INDIA জোটের জন্য বড় ধাক্কা (Jharkhand Rajya Sabha Election 2026) হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে দুটি আসনের জন্য লড়াই হয়েছিল। একটি আসন জয় করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র বৈদ্যনাথ রাম। অন্য আসনটি যায় বিজেপি-সমর্থিত নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানির ঝুলিতে।
সূত্রের দাবি, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং সিপিআই(এমএল)-এর কয়েকজন বিধায়ক দলীয় অবস্থানের বাইরে গিয়ে নাথওয়ানির পক্ষে ভোট দেন। এই ক্রস ভোটিংই শেষ পর্যন্ত নির্বাচনের ফল নির্ধারণ করে দেয়।
ফলাফলে দেখা যায়, বৈদ্যনাথ রাম পান ৩০ ভোট। পরিমল নাথওয়ানি পান ২৮ ভোট। অন্যদিকে কংগ্রেস প্রার্থী প্রণব ঝা পান মাত্র ১৯ ভোট। এছাড়া তিনটি ভোট বাতিল ঘোষণা করা হয়।
নির্বাচনের আগে থেকেই ক্রস ভোটিংয়ের আশঙ্কা ছিল। শাসক INDIA জোট এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ—দুই পক্ষই নিজেদের বিধায়কদের একজোট রাখার জন্য বিশেষ বৈঠক করেছিল। এমনকি বিধায়কদের হোটেলে রাখার কৌশলও নেওয়া হয়েছিল।
নির্বাচনের ফল প্রকাশের পর কংগ্রেসের অন্দরে অসন্তোষ দেখা দিয়েছে। জোটসঙ্গীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সিপিআই(এমএল) এবং আরজেডি অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তারা কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করেছে।
এই জয়ের ফলে রাজ্যসভায় এনডিএর শক্তি আরও বাড়ল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঝাড়খণ্ডে এই ফলাফল শুধু একটি আসনের জয় নয়, বরং বিরোধী জোটের অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।
নির্বাচনের আগে সংখ্যার বিচারে নাথওয়ানির (Jharkhand Rajya Sabha Election 2026) জয় কঠিন বলে মনে করা হচ্ছিল। কারণ ঝাড়খণ্ড বিধানসভায় INDIA জোটের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ক্রস ভোটিংয়ের কারণেই বিজেপি-সমর্থিত প্রার্থী জয় ছিনিয়ে নিতে সক্ষম হন।