Delhi Hit Dust Storm
ক্লাউড টিভি ডেস্ক: তাপপ্রবাহে জর্জরিত দিল্লিবাসী স্বস্তির বৃষ্টির অপেক্ষায় ছিলেন। কিন্তু সেই স্বস্তি আসার আগেই রাজধানী জুড়ে শুরু হল ধুলিঝড়ের তাণ্ডব। সোমবার বিকেলে আচমকা কালো মেঘে (Delhi Hit Dust Storm) ঢেকে যায় আকাশ। মুহূর্তের মধ্যে ধুলোয় অন্ধকার হয়ে পড়ে দিল্লি-এনসিআরের বিস্তীর্ণ এলাকা। সঙ্গে ঘণ্টায় প্রায় ৯২ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে।
প্রবল ঝড়ের জেরে রাস্তাঘাটে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। বহু জায়গায় যান চলাচল ব্যাহত হয়। ধুলিঝড়ের পর শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ের গতিবেগ এতটাই বেশি ছিল যে বেশ কিছু এলাকায় গাছের ডাল ভেঙে পড়ার খবরও পাওয়া গিয়েছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দিল্লি ও সংলগ্ন এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)। আবহাওয়াবিদদের মতে, সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা এবং উত্তর-পশ্চিম ভারতের বায়ুমণ্ডলীয় অস্থিরতার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই দিল্লিতে চরম আবহাওয়ার সাক্ষী থাকছেন বাসিন্দারা। কখনও তাপপ্রবাহ, কখনও প্রবল ঝড়-বৃষ্টি। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই ধরনের চরম আবহাওয়ার ঘটনা ক্রমশ বাড়ছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও দিল্লি-এনসিআরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঝড়ের (Delhi Hit Dust Storm) সময় অপ্রয়োজনে বাইরে না বেরোনোই শ্রেয়। বিশেষ করে গাছের নিচে, বৈদ্যুতিক খুঁটির কাছে বা অস্থায়ী নির্মাণের আশপাশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।