Frozen Screen UPI Scam
মোবাইল ফোন ব্যবহার করতে করতে হঠাৎ স্ক্রিন ফ্রিজ হয়ে গেল? অনেকেই এটিকে সাধারণ প্রযুক্তিগত সমস্যা ভেবে এড়িয়ে যান। কিন্তু সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করছেন, কিছু ক্ষেত্রে এটি একটি নতুন ধরনের অনলাইন প্রতারণার সূচনা হতে পারে। ‘Frozen Screen UPI Scam’ নামে পরিচিত এই কৌশলে আতঙ্কিত ব্যবহারকারীদের ফাঁদে ফেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করার চেষ্টা করছে প্রতারকরা।
বিশেষজ্ঞদের মতে, প্রতারণার শুরু হতে পারে কোনও অচেনা বিজ্ঞাপন, সন্দেহজনক লিঙ্ক বা ভুয়ো পপ-আপে ক্লিক করার মাধ্যমে। এর পর ব্যবহারকারীর ফোন কিছুক্ষণের জন্য অস্বাভাবিক আচরণ করতে পারে বা স্ক্রিন ফ্রিজ হয়ে যেতে পারে।
এই পরিস্থিতিতে অনেকেই ঘাবড়ে যান। ঠিক সেই সুযোগটাই নেয় প্রতারকরা। কিছুক্ষণের মধ্যে ফোন, মেসেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ‘কাস্টমার সাপোর্ট’ পরিচয়ে যোগাযোগ করা হতে পারে। ব্যবহারকারীকে বলা হয় একটি বিশেষ অ্যাপ ডাউনলোড করতে, যা নাকি ফোনের সমস্যা ঠিক করবে।
সাইবার নিরাপত্তা সংস্থা Quick Heal-এর সিইও হরিশ কুমারের মতে, প্রতারকরা সাধারণত একটি APK ফাইল ইনস্টল করাতে চায়। এই ফাইলটি ফোনে ইনস্টল হলে প্রতারকরা ডিভাইসের উপর নিয়ন্ত্রণ পেতে পারে।
অনেক ক্ষেত্রে এই অ্যাপ রিমোট অ্যাক্সেস, স্ক্রিন শেয়ারিং বা তথ্য সংগ্রহের অনুমতি চায়। ব্যবহারকারী যদি সেই অনুমতি দিয়ে দেন, তাহলে প্রতারকরা UPI অ্যাপ, ব্যাংকিং তথ্য বা OTP-সংক্রান্ত তথ্যের নাগাল পেতে পারে।
বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, ফোনের স্ক্রিন ফ্রিজ হওয়া মানেই যে ফোন হ্যাক হয়েছে, তা নয়। অনেক সময় সফটওয়্যার বাগ, মেমোরি সমস্যা বা সাধারণ প্রযুক্তিগত ত্রুটির কারণেও এমন হতে পারে।
তবে যদি অচেনা লিঙ্কে ক্লিক করার পরপরই স্ক্রিন ফ্রিজ হয় এবং তারপর কোনও সন্দেহজনক কল বা অ্যাপ ইনস্টল করার অনুরোধ আসে, তাহলে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ:
সাইবার প্রতারণার নতুন কৌশলগুলি প্রযুক্তিগত দুর্বলতার চেয়ে মানুষের আতঙ্ক ও তাড়াহুড়োকে বেশি কাজে লাগায়। তাই ফোন হঠাৎ ফ্রিজ হয়ে গেলে প্রথমেই আতঙ্কিত না হয়ে পরিস্থিতি যাচাই করা এবং অচেনা নির্দেশ মেনে কোনও অ্যাপ ইনস্টল না করাই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।