CAA Certificate Ashok Kirtania
ক্লাউড টিভি ডেস্ক: সিএএ (নাগরিকত্ব সংশোধনী আইন) সংক্রান্ত ফর্ম পূরণ এবং সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে হয়রানির অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তর ২৪ পরগনার বারাসাতে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ পাওয়ার পর আচমকাই বারাসাত হেড পোস্ট অফিসে পৌঁছে যান রাজ্যের খাদ্য, সরবরাহ ও বিপণন মন্ত্রী অশোক কীর্তনিয়া। পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি পোস্ট অফিসের (CAA Certificate Ashok Kirtania) দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের উপর জোর দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ক্ষেত্রে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং সংশোধন সংক্রান্ত প্রক্রিয়ার জন্য CAA সার্টিফিকেটের বিষয়টি গুরুত্ব পেয়েছে। সেই কারণে গত কয়েক দিন ধরে বারাসাত রিজিওনাল হেড পোস্ট অফিসে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
অভিযোগ, বহু মানুষ ভোর থেকে লাইনে দাঁড়িয়েও নির্দিষ্ট পরিষেবা পাচ্ছেন না। অনেককেই বিভিন্ন কারণ দেখিয়ে ফিরে যেতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মন্ত্রীকে সামনে পেয়ে বহু মানুষ নিজেদের সমস্যার কথা সরাসরি তুলে ধরেন। কেউ দীর্ঘক্ষণ অপেক্ষার অভিযোগ করেন, কেউ আবার প্রক্রিয়াগত জটিলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
পরিস্থিতি নিয়ে পোস্ট অফিসের পক্ষ থেকেও ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাদের দাবি, বর্তমানে শুধুমাত্র CAA সংক্রান্ত পরিষেবা নয়, পাশাপাশি অন্নপূর্ণা যোজনার নাম অন্তর্ভুক্তি ও সংশোধনের কাজও একসঙ্গে চলছে। ফলে স্বাভাবিকভাবেই মানুষের চাপ অনেক বেড়ে গিয়েছে।
পোস্ট অফিস সূত্রে আরও জানানো হয়েছে, পরিষেবার তুলনায় কর্মীর সংখ্যা কম থাকায় দ্রুত কাজ সম্পন্ন করতে সমস্যা হচ্ছে। সেই কারণেই দীর্ঘ লাইন এবং পরিষেবা দিতে সময় বেশি লাগছে।
মন্ত্রী অশোক কীর্তনিয়া সংশ্লিষ্ট আধিকারিকদের (CAA Certificate Ashok Kirtania) সঙ্গে আলোচনা করে দ্রুত এবং হয়রানিমুক্ত পরিষেবা নিশ্চিত করার পরামর্শ দেন। পাশাপাশি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় স্তরে আলোচনা করার আশ্বাসও দিয়েছেন বলে জানা গিয়েছে।
এদিকে পোস্ট অফিস কর্তৃপক্ষের দাবি, সমস্যার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হতে পারে।