• ১৮ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Chhattisgarh Bank Pension News

৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে ব্যাংকে ৩ কিমি হাঁটা! ছত্তীসগঢ়ের বধূর লড়াইয়ে উঠল ব্যবস্থার প্রশ্ন

ছত্তীসগঢ়ে ৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে ৩ কিমি হেঁটে ব্যাংকে গেলেন এক বধূ। পেনশন তুলতে এই ঘটনা ভাইরাল হতেই উঠছে প্রশাসনিক ব্যবস্থার প্রশ্ন।

৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে ব্যাংকে ৩ কিমি হাঁটা! ছত্তীসগঢ়ের বধূর লড়াইয়ে উঠল ব্যবস্থার প্রশ্ন

Chhattisgarh Bank Pension News

Published by: cloud_admin
  • Posted:May 24, 2026 2:17 pm
  • Update:May 24, 2026 2:17 pm
  • Facebook
  • Telegram
  • X
  • Whatsapp

ক্লাউড টিভি ডেস্ক: মানবিক সম্পর্কের এক আবেগঘন ছবি যেমন সামনে এসেছে, তেমনই উঠে এসেছে প্রশাসনিক ব্যবস্থার এক কঠিন বাস্তবও। ছত্তীসগঢ়ের সুরগুজা জেলার একটি ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে। ৯০ বছর বয়সী শাশুড়ির পেনশনের টাকা তুলতে তাঁকে পিঠে বহন করে প্রায় ৩ কিলোমিটার পথ হেঁটে ব্যাংকে নিয়ে গেলেন এক মহিলা। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে তীব্র আলোচনা।

ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের মেনপাট উন্নয়ন ব্লকের কুনিয়া এলাকার জঙ্গলপাড়া গ্রামে। ওই মহিলার নাম সুখমনিয়া। বয়স পঞ্চাশের কোঠায়। জানা গিয়েছে, তাঁর শাশুড়ির মাসিক ৫০০ টাকার বৃদ্ধভাতা গত কয়েক মাস ধরে বন্ধ ছিল। কারণ, KYC (Know Your Customer) সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। সেই কারণেই পেনশনের টাকা আটকে যায়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড গরমের মধ্যে পিঠে শাশুড়িকে নিয়ে রাস্তা ধরে হাঁটছেন সুখমনিয়া। স্থানীয়দের মতে, এলাকায় পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা নেই। ফলে গ্রামের মানুষকে বহু সময়ে দীর্ঘ পথ পায়ে হেঁটেই অতিক্রম করতে হয়। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুর্গম বনাঞ্চল ও খারাপ রাস্তার কারণে এই যাত্রা আরও কঠিন হয়ে ওঠে।

সুখমনিয়া জানিয়েছেন, আগে ‘ব্যাংক মিত্র’ বাড়িতে এসে পেনশনের টাকা পৌঁছে দিতেন। তবে গত কয়েক মাস ধরে সেই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় তাঁকে বাধ্য হয়েই ব্যাংকে যেতে হয়। পরিবারের দাবি, গত চার মাস ধরে পেনশন না পাওয়ায় সমস্যায় পড়েছিলেন তাঁরা।

প্রশাসনের পক্ষ থেকে পরে জানানো হয়েছে, KYC প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বকেয়া চার মাসের ২ হাজার টাকার পেনশন একসঙ্গে মিটিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী মাস থেকে আবার বাড়িতে পেনশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ও দরজায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার দাবি থাকা সত্ত্বেও প্রত্যন্ত অঞ্চলে এখনও কেন প্রবীণ মানুষদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। অনেকের মতে, এটি শুধু এক পরিবারের সংগ্রামের ছবি নয়, বরং গ্রামীণ পরিষেবা ব্যবস্থার বাস্তব অবস্থাও তুলে ধরেছে।

আরও খবর