Arfin Jabi Palk Strait
ক্লাউড টিভি ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের সাঁতারু আরফিন জাবি ফের ইতিহাস গড়লেন ওপেন ওয়াটার ম্যারাথন সুইমিংয়ে। ভারত ও শ্রীলঙ্কার মাঝামাঝি ভারত মহাসাগরের পক প্রণালী সফলভাবে অতিক্রম করলেন তিনি। মাত্র ৭ ঘণ্টা ৫ মিনিটে এই কঠিন সমুদ্রপথ পেরিয়ে নতুন নজির গড়েছেন পশ্চিম মেদিনীপুরের এই তরুণ সাঁতারু।
শনিবার, ৯ মে ২০২৬ ভোর ৩টা ৩০ মিনিটে শ্রীলঙ্কার থালাইমানার থেকে তাঁর অভিযান শুরু হয়। দীর্ঘ লড়াইয়ের পর ভারতের ধনুশকোডিতে এসে শেষ হয় তাঁর ঐতিহাসিক সাঁতার অভিযান।
সমুদ্রের প্রতিকূল স্রোত, ঢেউ এবং দীর্ঘ সময়ের শারীরিক ধকল সামলে আরফিনের এই সাফল্য ইতিমধ্যেই ক্রীড়ামহলে প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলার “ইলেকশন আইকন” হিসেবে নির্বাচিত হওয়ার পর তাঁর এই সাফল্য জেলায় বাড়তি গর্বের পরিবেশ তৈরি করেছে।
উল্লেখযোগ্য বিষয় হল, এর আগেও আন্তর্জাতিক স্তরে নজর কেড়েছিলেন আরফিন জাবি। ২০২৫ সালের ২৯ জুলাই ঐতিহাসিক ইংলিশ চ্যানেল অতিক্রম করে তিনি আলোচনায় আসেন। সেই কৃতিত্বের পর এবার পক প্রণালী জয় তাঁর ওপেন ওয়াটার সাঁতারের কেরিয়ারে আরও একটি বড় মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।
আরফিনের লক্ষ্য এখন আরও বড়। তিনি এবার নিউজিল্যান্ডের বিখ্যাত ক্যাটরিনা চ্যানেল অতিক্রম করতে চান। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরেই সেই অভিযান সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েছেন তিনি।
আরফিনের প্রশিক্ষক বিশ্বজিৎ দে চৌধুরী তাঁর এই সাফল্যে অত্যন্ত গর্বিত। তিনি বলেন,
“জাবির অদম্য জেদ, মানসিক দৃঢ়তা, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসই ওকে এই জায়গায় নিয়ে এসেছে। আগামী দিনে ওপেন ওয়াটার ম্যারাথন সুইমিংয়ে ও আরও বড় সাফল্য এনে দেবে।”
ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, ওপেন ওয়াটার ম্যারাথন সাঁতার অত্যন্ত কঠিন একটি বিভাগ, যেখানে শুধু শারীরিক সক্ষমতা নয়, মানসিক শক্তিও বড় ভূমিকা নেয়। আরফিন জাবির ধারাবাহিক সাফল্য আগামী দিনে বাংলার তরুণ সাঁতারুদেরও অনুপ্রাণিত করবে বলেই মনে করা হচ্ছে।