দিল্লিতে বিরোধীদের সুপ্রিম কোর্ট মার্চ
ভোটে কারচুপি ও নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সোমবার দিল্লিতে বিরোধীদের সুপ্রিম কোর্ট মার্চ এর আয়োজন করে জাতীয় কংগ্রেস । ইন্ডিয়া জোটের আয়োজনে ‘চলো দিল্লি—মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে হাজার হাজার মানুষ যোগ দেন।
কনট প্লেস-বারাখাম্বা রোড সংযোগস্থলের কাছে বিরোধী নেতারা জড়ো হন। মিছিলের রুট কনট প্লেস থেকে মাণ্ডি হাউস হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে জানানো হয়। কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।
বিরোধীদের বক্তব্য, তারা ভোটে ‘চুরি’ এবং নির্বাচনী অনিয়মের অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিতে চান। রাহুল গান্ধী বলেন, তাঁরা আগে ভারতের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন এবং প্রধান বিচারপতি তাঁদের পিটিশন দাখিল করতে নির্দেশ দেন।
এর আগে সোমবারের সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী বলেছিলেন, ওই দিনই পিটিশন জমা দেওয়া হবে। বিরোধী শিবিরের বক্তব্য, এই লড়াই কোনও একক দল বা নেতার স্বার্থের জন্য নয়; গণতন্ত্র, সংবিধান, সরকারের উপর মানুষের আস্থা এবং নাগরিকদের ভবিষ্যৎ নিয়েই এই বিরোধ।
রাহুল গান্ধী জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের নেতৃত্বে পরিবর্তন, সংবিধান রক্ষা এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত বিরোধীদের প্রচার চলবে। তাঁর কথায়, “পদত্যাগ করুন, রাজসাক্ষী হয়ে যান; আপনি ভুল করেছেন, কিন্তু এই ভুলের নেপথ্যে আসল মাথা আপনি নন।”
গান্ধী নাগরিকদের, এমনকী সংবিধান আক্রান্ত বলে মনে করা বিজেপি সমর্থকদেরও মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা সব ভারতীয়কে আমাদের সমর্থন করার আহ্বান জানাচ্ছি।”