30-day recharge plans
প্রিপেড মোবাইল গ্রাহকদের জন্য নতুন রিচার্জ অপশন চালুর কথা জানানো হয়েছে। এবার ৩০ দিনের বৈধতার রিচার্জ প্ল্যান পাওয়া যাবে। এর ফলে ২৮ দিনের রিচার্জ চক্রের বদলে গ্রাহকরা পুরো ৩০ দিনের পরিষেবা নিতে পারবেন।
রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন। তিনি জানিয়েছেন, নতুন ব্যবস্থায় প্রিপেড গ্রাহকদের হাতে আরও বেশি বিকল্প থাকবে। বিশেষ করে যাঁরা মূলত ফোন কল এবং SMS-এর জন্য মোবাইল ব্যবহার করেন, তাঁরা উপকৃত হতে পারেন।
বর্তমানে ২৮ দিনের বৈধতার অনেক রিচার্জ প্ল্যানের কারণে বছরে ১২ মাসের পরিষেবা চালাতে ১৩ বার রিচার্জ করতে হয়। নতুন ৩০ দিনের প্ল্যান চালু হলে সেই সংখ্যা ১২-তে নামতে পারে।
চাড্ডা জানিয়েছেন, তিনি ১১ মার্চ সংসদে এই বিষয়টি তুলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, গ্রাহকদের আরও বেশি পছন্দের সুযোগ এবং সাশ্রয়ী রিচার্জ প্ল্যান প্রয়োজন।
নতুন Telecom Consumer Protection (Thirteenth Amendment) Regulations, 2026-এর আওতায় এই পরিবর্তন আনা হয়েছে।
নতুন ব্যবস্থায় শুধু ভয়েস কল এবং SMS-এর জন্য আলাদা প্ল্যান রাখার কথাও বলা হয়েছে। অর্থাৎ যাঁদের মোবাইল ডেটার প্রয়োজন নেই, তাঁদের ডেটা-সহ বান্ডেল প্ল্যান নেওয়া বাধ্যতামূলক হবে না।
TRAI-এর সংশোধিত নিয়মে ভয়েস ও SMS-ভিত্তিক Special Tariff Voucher বা STV-এর বিকল্প বাড়ানোর কথা বলা হয়েছে। ৩০ দিন এবং তার কম বৈধতার বিভিন্ন মেয়াদের জন্য এই ধরনের প্ল্যান দেওয়ার বিধান রাখা হয়েছে।
এছাড়া এমন একটি অপশন রাখার কথাও বলা হয়েছে, যা প্রতি মাসে একই তারিখে নবীকরণ করা যাবে। কোনও মাসে সেই তারিখ না থাকলে মাসের শেষ দিনে নবীকরণের ব্যবস্থা থাকবে।
নতুন নিয়মের লক্ষ্য হল গ্রাহকদের ব্যবহারের ধরন অনুযায়ী আরও বেশি রিচার্জ বিকল্প দেওয়া। বিশেষ করে যাঁদের ডেটার প্রয়োজন কম বা নেই, তাঁদের জন্য আলাদা ভয়েস ও SMS-কেন্দ্রিক প্ল্যানের সুযোগ তৈরি হবে।