Sunil Chhetri
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে বেঙ্গালুরু এফসির সঙ্গেই চুক্তি নবীকরণ করলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী (Sunil Chhetri)। রবিবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল মিডিয়ায় ক্লাব জানিয়ে দিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত নীল জার্সিতেই খেলবেন ভারতের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
গত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিল, বেঙ্গালুরু এফসি ছেড়ে অন্য কোনও ক্লাবে যোগ দিতে পারেন সুনীল ছেত্রী। তবে শেষ পর্যন্ত সেই সব জল্পনায় জল ঢেলে নিজের দীর্ঘদিনের ক্লাবের সঙ্গেই নতুন চুক্তিতে সই করলেন তিনি।
চুক্তি নবীকরণের পর আবেগঘন প্রতিক্রিয়া দেন সুনীল ছেত্রী। তিনি বলেন,
“এই ক্লাবেই আমি আমার ফুটবল জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি। যদি নতুন চুক্তি হতো, তাহলে সেটি এখানেই হওয়ার ছিল। নতুন মরসুম শুরু হওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আবার মাঠে নামার জন্য মুখিয়ে আছি।”
ছেত্রীর এই মন্তব্যেই স্পষ্ট, বেঙ্গালুরু এফসির সঙ্গে তাঁর সম্পর্ক শুধুমাত্র একজন ফুটবলারের নয়, বরং এক আত্মিক বন্ধনের।
একবারের আইএসএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি গত মরসুমে লিগ টেবিলের চতুর্থ স্থানে শেষ করেছিল। ফলে এবার আরও শক্তিশালীভাবে ফিরে আসাই লক্ষ্য ক্লাবের।
যদিও নতুন মরসুমের আগে রাহুল ভেকে-সহ একাধিক ফুটবলার দল ছেড়েছেন। সেই পরিস্থিতিতে সুনীল ছেত্রীকে ধরে রাখতে পারা বেঙ্গালুরু এফসির জন্য বড় সাফল্য বলেই মনে করছে ফুটবল মহল।
ভারতীয় ফুটবলের সবচেয়ে জনপ্রিয় মুখদের একজন সুনীল ছেত্রীর চুক্তি নবীকরণের খবর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত করেছে সমর্থকদের। দীর্ঘদিন ধরে বেঙ্গালুরু এফসির আক্রমণের অন্যতম ভরসা তিনি। নতুন মরসুমেও তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের বড় সম্পদ হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে।