TMC Shahid Diwas Dharmatala
ক্লাউড টিভি ডেস্ক: ২১ জুলাইয়ের শহিদ দিবসকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহেই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতি বছরের মতো এবারও শহিদ দিবসের (TMC Shahid Diwas Dharmatala) কর্মসূচি আয়োজনের জন্য কলকাতা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়েছে কালীঘাট তৃণমূল। শনিবার পুলিশের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস ২১ জুলাই শহিদ দিবস ধর্মতলায় পালন করে আসছে। তবে এবারের রাজনৈতিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভিন্ন। সংগঠনের অন্দরে বিভাজনের আবহে এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক গুরুত্বও বেড়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, ২১ জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই শহিদ দিবসের মূল অনুষ্ঠান করার জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন করা হয়েছে। এখন সেই আবেদন মঞ্জুর হবে কি না, তা নিয়েই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “৫ জন লোক হলেও ধর্মতলায় যাব।” এরপরই অনুমতি চেয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়া হয়েছে।
রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তৃণমূলের সাংগঠনিক অবস্থান নিয়ে নানা আলোচনা চলছে। এই পরিস্থিতিতে ২১ জুলাইয়ের সমাবেশকে সংগঠনকে চাঙ্গা করার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সভা থেকেই আগামী দিনের রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা হতে পারে। পাশাপাশি দলত্যাগীদের উদ্দেশেও বার্তা পৌঁছে দিতে চাইছে নেতৃত্ব।
শুধু তৃণমূল নয়, প্রদেশ কংগ্রেসও এ বছর ২১ জুলাইকে কেন্দ্র করে আলাদা কর্মসূচির পরিকল্পনা করেছে। ফলে একই দিনে কলকাতায় একাধিক রাজনৈতিক কর্মসূচি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এখন নজর কলকাতা পুলিশের সিদ্ধান্তের দিকে। অনুমতি মিললে ধর্মতলায় আবারও অনুষ্ঠিত হবে তৃণমূলের ঐতিহ্যবাহী শহিদ দিবসের সমাবেশ।