World's Best Frozen Desserts
ক্লাউড টিভি ডেস্ক: ভারতীয় ঐতিহ্যবাহী মিষ্টি এবার আন্তর্জাতিক মঞ্চেও পেল বড় স্বীকৃতি। বিশ্বের জনপ্রিয় খাবারের গাইড TasteAtlas প্রকাশিত ‘World’s 50 Best Frozen Desserts’ তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের দুই জনপ্রিয় ডেজার্ট কুলফি এবং কুলফি ফালুদা (World’s Best Frozen Desserts)।
তালিকায় কুলফি সপ্তম এবং কুলফি ফালুদা ৩৩তম স্থান দখল করেছে। আন্তর্জাতিক এই স্বীকৃতিকে ভারতীয় খাদ্য সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন খাদ্যবিশেষজ্ঞরা।
TasteAtlas-এর তালিকায় ইংল্যান্ডের Clotted Cream Ice Cream প্রথম স্থান পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ইতালির Gelato al Pistacchio, আর তৃতীয় স্থানে তুরস্কের বিখ্যাত Dondurma।
এই তালিকায় ৪.৩ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে ভারতের কুলফি। ধীরে ধীরে দুধ জ্বাল দিয়ে ঘন করে তৈরি হওয়ায় কুলফির স্বাদ ও ঘনত্ব সাধারণ আইসক্রিমের থেকে অনেকটাই আলাদা। এলাচ, জাফরান, পেস্তা, বাদাম কিংবা গোলাপজলের স্বাদ কুলফিকে আরও বিশেষ করে তোলে।
শুধু কুলফিই নয়, ভারতের আরেক জনপ্রিয় ডেজার্ট কুলফি ফালুদাও জায়গা করে নিয়েছে বিশ্বের সেরা ৫০ ফ্রোজেন ডেজার্টের তালিকায়।
৪.০ রেটিং নিয়ে ৩৩তম স্থানে থাকা এই ডেজার্টে থাকে কুলফি, ফালুদা সেভ, তুলসী বীজ, গোলাপ সিরাপ ও ঠান্ডা দুধের মিশ্রণ। নানা ধরনের টেক্সচার ও স্বাদের সমন্বয়ের জন্য এটি ভারতজুড়ে অত্যন্ত জনপ্রিয়।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে জেলাটো, আইসক্রিম ও অন্যান্য আধুনিক ফ্রোজেন ডেজার্টের জনপ্রিয়তার মধ্যেও কুলফির মতো শতাব্দীপ্রাচীন ভারতীয় মিষ্টির এই স্বীকৃতি দেশের খাদ্য ঐতিহ্যের মর্যাদা আরও বাড়িয়েছে।
TasteAtlas-এর এই তালিকা বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবারকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য পরিচিত। কুলফি ও কুলফি ফালুদার এই সাফল্য ভারতীয় মিষ্টিকে নতুন করে বিশ্ব দরবারে পরিচিত করে তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।