Matias Svanberg World Records
ক্লাউড টিভি ডেস্ক: ফুটবল মাঠে বদলি খেলোয়াড় নেমে গোল করাটা নতুন কিছু নয়। তবে মাঠে নামার মাত্র ১৮ সেকেন্ডের মধ্যেই গোল করে বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেললেন সুইডেনের মিডফিল্ডার মাতিয়াস সভানবার্গ (Matias Svanberg World Records)।
২০২৬ ফিফা বিশ্বকাপে তিউনিসিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে এই অবিশ্বাস্য কীর্তি গড়েছেন তিনি। মেক্সিকোর মন্টেরেইয়ের এস্তাদিও মন্টেরেতে অনুষ্ঠিত ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেয় সুইডেন। সেই ম্যাচেই বদলি হিসেবে মাঠে নেমে মুহূর্তের মধ্যে গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন সভানবার্গ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে কোচ তাঁকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন। মাঠে প্রবেশের মাত্র ১৮ সেকেন্ড পরেই সতীর্থ আলেকজান্ডার ইসাকের নিখুঁত পাস থেকে জালে বল জড়িয়ে দেন তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড গড়েন সুইডিশ মিডফিল্ডার।
বিশ্বকাপে বদলি নেমে সবচেয়ে দ্রুত গোল করার রেকর্ড এখনও উরুগুয়ের রিচার্ড মোরালেসের দখলে। ২০০২ বিশ্বকাপে তিনি মাঠে নামার ১৬ সেকেন্ডের মধ্যেই গোল করেছিলেন। এতদিন দ্বিতীয় স্থানে ছিলেন ডেনমার্কের ইবি স্যান্ড, যিনি ১৯৯৮ বিশ্বকাপে ২১ সেকেন্ডে গোল করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে দ্বিতীয় স্থানে উঠে এলেন সভানবার্গ।
শুধু ব্যক্তিগত রেকর্ডই নয়, এই গোল সুইডেনের বড় জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। বিশ্বকাপে শক্তিশালী সূচনার মাধ্যমে নক-আউট পর্বের দিকে আরও একধাপ এগিয়ে গেল সুইডিশ দল।
সভানবার্গের এই কীর্তি ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বকাপের মঞ্চে এমন দ্রুত প্রভাব ফেলার ঘটনা বিরল বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।