Ashokkumar Mukhopadhyay Leela Smriti Puraskar
ক্লাউড টিভি ডেস্ক: সত্তরের দশকের নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাস ‘আটটা নটার সূর্য’-এর জন্য এ বছরের ‘লীলা স্মৃতি পুরস্কার ২০২৬’ পেলেন বিশিষ্ট কথাসাহিত্যিক অশোককুমার মুখোপাধ্যায়। কলকাতার মহাজাতি অ্যানেক্স হলে পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটি আয়োজিত পঞ্চম বর্ষের ‘লীলা স্মৃতি পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান (Ashokkumar Mukhopadhyay Leela Smriti Puraskar) তুলে দেওয়া হয়।
সত্তরের দশকে নকশাল আন্দোলন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক জীবনে এক গভীর ছাপ ফেলেছিল। সেই সময়ের আদর্শবাদ, ছাত্র-যুব সমাজের আন্দোলন, রাষ্ট্রের সঙ্গে সংঘাত এবং রক্তাক্ত ঘটনাবলিকে গবেষণানির্ভর তথ্য ও সাহিত্যিক কল্পনার সমন্বয়ে তুলে ধরেছেন লেখক তাঁর উপন্যাস ‘আটটা নটার সূর্য’-এ। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে সাহিত্যিক ভাষায় পুনর্নির্মাণের এই প্রয়াসের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।
পুরস্কার (Ashokkumar Mukhopadhyay Leela Smriti Puraskar) গ্রহণের পর অশোককুমার মুখোপাধ্যায় জানান, উপন্যাসটি প্রথমে একটি বাংলা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। তিনি বলেন, “সত্তরের দশকের রাজনৈতিক উন্মাদনা, ছাত্র-যুব সমাজের আদর্শবাদ, রাষ্ট্র ও আন্দোলনের সংঘাত এবং অসংখ্য প্রাণহানির ঘটনাকে সংবেদনশীলভাবে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিহাস ও সাহিত্যের এক অনন্য মেলবন্ধন ঘটেছে এই উপন্যাসে।”
অনুষ্ঠানে তিনি দ্বিতীয় শচীন্দ্রমোহন ভট্টাচার্য স্মারক বক্তৃতা প্রদান করেন। তাঁর বক্তৃতার বিষয় ছিল ‘তথ্য-উপন্যাস লেখার চ্যালেঞ্জ’। বক্তৃতায় তিনি গবেষণানির্ভর সাহিত্য রচনার বিভিন্ন দিক এবং ইতিহাসভিত্তিক উপন্যাস লেখার অভিজ্ঞতা তুলে ধরেন।
এদিনের অনুষ্ঠানে কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা।
পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটির কর্নধার ডা. সৌম্য ভট্টাচার্য বলেন, “সমাজসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলা ভাষা ও সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখা লেখকদের সম্মানিত করার উদ্দেশ্যেই এই পুরস্কার প্রদান করা হয়। নতুন প্রজন্মের কাছে ইতিহাসকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ‘আটটা নটার সূর্য’ বিশেষ ভূমিকা পালন করেছে।”