Firhad Hakim Resigns
ক্লাউড টিভি ডেস্ক: পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বুধবার তিনি কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা (Firhad Hakim Resigns)দিয়েছেন। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, দলনেত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সম্প্রতি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং কলকাতা পুরসভার অভ্যন্তরীণ টানাপোড়েনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবারই মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে তারক সিংহের ইস্তফা রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছিল। তার একদিনের মধ্যেই মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম।
তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, পুরসভায় বর্তমান পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করা সম্ভব হচ্ছে না বলেই ফিরহাদ হাকিম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্প্রতি কলকাতা পুরসভার বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, কাউন্সিলরদের পদত্যাগ এবং দলের অভ্যন্তরে মতবিরোধ নিয়ে একাধিক বিতর্ক সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা ও বিধানসভা নির্বাচনের ফলাফলের পর তৃণমূলের সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবেও এই পদত্যাগকে দেখা হতে পারে।
ফিরহাদ হাকিম দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভার নেতৃত্বে ছিলেন। ২০১৮ সালে তিনি প্রথমবার কলকাতার মেয়র হন এবং পরবর্তীতে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। শহরের পরিকাঠামো উন্নয়ন, জল সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক পরিষেবার নানা প্রকল্পে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
এদিকে তাঁর পদত্যাগের পর কলকাতার নতুন মেয়র কে হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল নেতৃত্ব এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও নাম ঘোষণা করেনি।